
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি-
বান্দরবানের লামা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সহায়তায় তথ্য অফিসের আয়োজনে লামা উপজেলা পরিষদ হলরুমে এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলার সহকারী তথ্য কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুবায়েত আহমেদ এবং লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল।
এছাড়াও অনুষ্ঠানে লামা উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনকালীন আচরণবিধির বিভিন্ন দিক, ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।
আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সচেতন ভোটারই সবচেয়ে বড় শক্তি। নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা এবং গণভোটসহ নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”