
আঃ হালিম আতিক, টাঙ্গাইল প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, যারা রাষ্ট্রের সংস্কার ও পরিবর্তন চান, যারা বিচার ব্যবস্থার উন্নতি দেখতে চান, তাদের অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত ভোট প্রচারণা অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “আপনি যদি দেশের মঙ্গল চান, রাজপথে সহিংসতা দেখতে না চান, মানুষ হত্যার ঘটনা পুনরাবৃত্তি না হোক চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিন। দেশের চাবি জনগণের হাতে রয়েছে।”
ফাওজুল করিম বলেন, “আগের মতো হানাহানি আর পাঁচ আগষ্টের পুনরাবৃত্তি আমরা চাই না। জনগণ যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না চায়, তাই সংস্কার কমিশন রিপোর্ট অনুযায়ী ‘হ্যাঁ’-‘না’ ভোটের আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, “বিশ্বের অন্যান্য দেশে বারবার গণ-অভ্যুত্থানের মতো ঘটনা ঘটে না। আমাদের দেশেও এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এজন্য রাষ্ট্র ব্যবস্থার সংস্কার অপরিহার্য।” উপদেষ্টা জানান, যারা মনে করেন আগের সরকারের সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতা ঠিক ছিল, তারা গণভোটে ‘না’ ভোট দিতে পারেন। এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাতসহ জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।