
রিহান সিকদার, টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে ‘হানিপ ট্র্যাপ’-এর মাধ্যমে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় অপহৃত ব্যক্তি কৌশলে পালিয়ে এসে ঘটনাটি প্রকাশ করলে জনতা ধাওয়া করে অভিযুক্তদের আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা সাহাবুদ্দিনের ছেলে জাকির হোসেন (৪২)-এর সঙ্গে প্রায় চার বছর আগে আশুলিয়ার বাসিন্দা সানজিদা রহমান রুপা (৩৫)-এর প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর চার দিন আগে রুপা পুনরায় জাকিরের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখা করার প্রস্তাব দেন। পরদিন গাজীপুরের চেরাগআলী এলাকায় দেখা করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে রুপা ও তার সহযোগীরা জাকিরকে আটকে রেখে মারধর করে এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে একটি গাড়িতে করে মিরপুরে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে মির্জাপুর উপজেলার পাঁচগাঁও এলাকায় নিয়ে যাওয়া হয়।
পাঁচগাঁও হোসেন মার্কেট এলাকায় একটি হোটেলের সামনে গাড়ি থামানো হলে জাকির হোসেন সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে একটি গ্যারেজে আশ্রয় নেন। সেখানে তিনি স্থানীয়দের কাছে অপহরণের ঘটনা জানালে জনতা চারপাশ থেকে ঘিরে ফেলে অভিযুক্ত পাঁচজনকে আটক করে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানা গেছে। পুলিশ আরও জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।