1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে বিএনপি কার্যালয়ে আগুন - probahonewstv
September 17, 2026, 12:05 am

বান্দরবানে বিএনপি কার্যালয়ে আগুন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 191 Time View
বান্দরবানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

ভোররাতে অগ্নিসংযোগে পুড়েছে নির্বাচনী প্রচারণাসামগ্রী, এলাকায় বাড়তি সতর্কতা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবান শহরের হাফেজ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা জানান, গভীর রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে কার্যালয়ের ব্যানার, পোস্টারসহ গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারণাসামগ্রী পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। বিএনপি নেতাদের অভিযোগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই একটি মহল নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে তারা মনে করছেন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিএনপি নেতারা বলেন, নির্বাচনের মাঠে ক্রমবর্ধমান জনসমর্থন দেখে একটি পক্ষ আতঙ্কিত হয়ে সহিংসতার পথ বেছে নিচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, গভীর রাতে কে বা কারা বিএনপির অস্থায়ী নির্বাচনী প্রচারণা কার্যালয়ে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশি সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে শিক্ষক সমিতির মানববন্ধন: বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category