
বান্দরবানে পৌর পানি সরবরাহ প্রকল্পে দুর্ভোগ: গর্তে পড়ে কাঠবাহী গাড়ি দুর্ঘটনার শিকার।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান শহরে পৌর পানি সরবরাহ প্রকল্পের খোঁড়াখুঁড়ির গর্তে পড়ে একটি কাঠবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই)–এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর এলাকার পানি সরবরাহ প্রকল্পের কাজের অংশ হিসেবে রাস্তায় খোঁড়াখুঁড়ি করে পাইপলাইন বসানো হচ্ছিল। কিন্তু কাজ শেষে প্রায় ১০ ফুট বড় পাইপ বসানোর গর্তটি যথাযথভাবে ভরাট না করে শুধু বালু দিয়ে ঢেকে দেওয়া হয়। দূর থেকে স্বাভাবিক রাস্তা মনে হওয়ায় কাঠবোঝাই গাড়িটি ওই বালুভর্তি গর্তে পড়ে যায়।
দুর্ঘটনায় পড়া গাড়ির চালক জয়নাল জানান, গর্ত ভরাটের সময় কংকর ও পাথর মিশিয়ে না দিয়ে শুধু বালি ব্যবহার করা হয়েছিল। ফলে মাটি শক্ত না থাকায় গাড়িটি ধসে পড়ে। তিনি আরও বলেন, ভরাট করা স্থানে সতর্কতামূলক লাল পতাকা বা চিহ্ন থাকলে চালকরা সতর্ক হতে পারতেন এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।