
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার ইটভাটা মালিক, প্রতিনিধি ও উদ্যোক্তাদের সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বান্দরবান পার্বত্য জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় সভাটির আয়োজন করে।
সভায় চার উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক, প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন। এ সময় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত আইন ও বিধিবিধান মেনে চলা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ওপর ইটভাটার ক্ষতিকর প্রভাব কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় ইটভাটা পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ও কাগজপত্র সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ইট উৎপাদনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া ইটভাটা থেকে সৃষ্ট ধোঁয়া ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জ্বালানি ব্যবহারে সতর্কতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ আইন বাস্তবায়নে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইটভাটা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সরকারি বিধিবিধান প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
উল্লেখ্য, ইটভাটার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি পরিবেশমন্ত্রীও ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং দূষণ কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের দায়িত্বের মধ্যে দূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান, মোবাইল কোর্ট, আইনগত ব্যবস্থা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও রয়েছে।