
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান–মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বার্মিজ গরু ও বিভিন্ন ধরনের বাংলাদেশি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০ নভেম্বর বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ির ফুলতলী, লেম্বুছড়ি, ভালুখাইয়া, জারুলিয়াছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহল দলের সমন্বিত চোরাচালানবিরোধী অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১৯ লাখ ১৪ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল রাতে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ২টি বার্মিজ গরু এবং বিভিন্ন মালামালের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল সেগুলো জব্দ করে ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,
“আমরা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দমনে সবসময় সতর্ক অবস্থানে আছি। সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন,
“স্থানীয় জনগণের সহযোগিতা পেলে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড অনেকাংশেই কমে যাবে। দেশের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে।”
এদিকে স্থানীয়রা জানান, বিজিবির এই অভিযানের পর থেকেই এলাকায় চোরাচালান কারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।