
শামিম ইসলাম ,পটুয়াখালী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফল উপজেলায় কোরআন খতমের আয়োজন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সারাদেশের মতো বাউফলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে শোক ও শ্রদ্ধার আবহ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেনিনের নিজ বাসভবনের সামনে এ কোরআন খতম অনুষ্ঠিত হয়। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদের ছেলে। অনুষ্ঠানে বাউফলের বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা অংশ নেন। কোরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তব্যে স্যামুয়েল আহমেদ লেনিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন বা সাবেক প্রধানমন্ত্রীই নন, তিনি এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকারের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং রুহের মাগফিরাত কামনায় এই কোরআন খতমের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্যামুয়েল আহমেদ লেনিন গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও গরুর মাংস বিতরণ করেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি এলাকায় একজন মানবিক নেতা হিসেবে পরিচিত। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাউফলে প্রথম কোরআন খতমের আয়োজন করে তিনি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন।মঙ্গলবার সকাল ৬টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সারাদেশে শোকের ছায়া নেমে আসে। এ উপলক্ষে সরকারিভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।