
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর ফুলগাজী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে জেলা এনসিপি নেতা আবদুল রহিম বাবুর নেতৃত্বে শতাধিক কর্মী-সমর্থকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান। মঙ্গলবার বিকেলে ফুলগাজী উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত যোগদান অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলের পতাকাতলে একত্রিত হন। জেলা এনসিপির প্রভাবশালী নেতা আবদুল রহিম বাবু দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার নেতৃত্বে ফুলগাজীসহ আশপাশের এলাকায় ছাত্র ও যুব সমাজের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। এদিন তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে যোগদান করায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ছাত্রদলের পতাকা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জেলা এনসিপি নেতা আবদুল রহিম বাবু ও তার অনুসারীদের ছাত্রদলে যোগদান প্রমাণ করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজের এই অংশগ্রহণ আগামী দিনে গণআন্দোলনকে আরও বেগবান করবে। তিনি আরও বলেন, ফেনী-১ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। জনগণের অধিকার আদায়ে ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নবযোগদানকারী নেতা আবদুল রহিম বাবু তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র ভরসা। ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ও তার সহযোদ্ধারা এই সংগঠনে যোগ দিয়েছেন এবং আগামী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আবদুল রহিম বাবুর মতো সংগঠক ও তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের ছাত্রদলে যোগদান ফেনীর রাজনীতিতে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।