
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
প্রতিবেদন:
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া গ্রামে সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে বিবি রাবেয়া নামে এক গৃহবধূর ওপর হামলা, মারধর ও ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী রাবেয়ার স্বামী মো. ফারুকের পারিবারিক সম্পত্তি নিয়ে তার দেবরপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয় সালিশ হলেও সমস্যা সমাধান না হওয়ায় পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার বিবরণ:
২৩ নভেম্বর ২০২৫, শনিবার সকালে বিবি রাবেয়ার ছোট ছেলে একটি কুকুরকে পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের নতুন অধ্যায় শুরু হয়। অভিযোগ অনুযায়ী, রাবেয়ার দেবরপক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে বাড়ির সামনে প্রকাশ্যে মারধর করে। এ হামলায় জড়িত তিনজনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে— ১. ইয়াছিন (পিতা: মৃত সিরাজ) ২. সেলিম (পিতা: মৃত ছিদ্দিক আহমেদ) ৩. জসিম (পিতা: অজ্ঞাত) তাদের মধ্যে কথিত তৃতীয় ব্যক্তি জসিম রাবেয়ার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেন।
বিবি রাবেয়া জানান— “আমি বহুদিন ধরেই নির্যাতনের শিকার। থানায় গেলেও মামলা নষ্ট করে ফেলে। আজ আবার আমাকে মারধর করে এবং ১০ লক্ষ টাকা চায়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
মানবাধিকার সংস্থার তদন্ত: সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার উদ্যোগে উভয় পক্ষের সম্পত্তি পরিমাপ সংক্রান্ত সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু হামলার ঘটনার পর রাবেয়া সংস্থাটির কাছে লিখিত অভিযোগ করেন। চট্টগ্রাম বিভাগীয় প্রধান আবুল কাশেম এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ হানিফ-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সাক্ষীদের বক্তব্য নেন। তারা অভিযোগকে প্রাথমিকভাবে সত্য বলে মন্তব্য করেন।
স্থানীয়রা বলেন: “বছরের পর বছর এই বিরোধ চলায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।”
আদালত ও প্রশাসনের প্রতি আবেদন: মানবাধিকার সংস্থা দ্রুত সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।