
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-০২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মঞ্জু ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি তার রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সোমবার ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় মুজিবুর রহমান মঞ্জু স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান। তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে যোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্বের কোনো বিকল্প নেই। মুজিবুর রহমান মঞ্জু একজন আদর্শবান ও ত্যাগী নেতা, যিনি মানুষের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। তারা বলেন, গণসংযোগে জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে যে পরিবর্তনের পক্ষে জনমত ক্রমেই শক্তিশালী হচ্ছে। গণসংযোগ চলাকালে মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি। ফেনী-০২ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তাদের সেবা করব। গণসংযোগে স্থানীয় ভোটারদের মাঝে ঈগল প্রতীক নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই পরিবর্তনের প্রত্যাশায় প্রার্থীকে শুভেচ্ছা ও সমর্থন জানান। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী দিনগুলোতেও ফেনী-০২ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।