
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে ৩৪ বিজিবির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৮০০ মিটার ভেতরে ঘুমধুম মধ্যমপাড়া এলাকায় মাটির নিচে ইয়াবার বড় চালান লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্য পায় ঘুমধুম বিওপির জোয়ানরা। পরবর্তীতে রাত ১টার দিকে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে বিজিবির বিশেষ টহলদল।
তল্লাশির এক পর্যায়ে মধ্যমপাড়ার এনাম নামে এক ব্যক্তির বাড়ির বারান্দার মাটি খুঁড়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।