
মোঃ শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার ৩নং ফাসিয়াখালি ইউনিয়নে নদীর পাড় ঘেঁষে ব্যাপকভাবে তামাক চাষ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশনা ও পরিবেশ সংরক্ষণ নীতিমালা অনুযায়ী নদীর ৫০ ফুটের মধ্যে কোনো ফসল, বিশেষ করে তামাক চাষ নিষিদ্ধ থাকলেও এক শ্রেণির কৃষক তা উপেক্ষা করে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, নদীর একেবারে কিনারা ঘেঁষে সারিবদ্ধভাবে তামাক ক্ষেত গড়ে তোলা হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মাটি ক্ষয় ও পানি দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তামাক চাষে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়, যা বৃষ্টির পানির সঙ্গে মিশে সরাসরি নদীতে প্রবেশ করে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবৈধ তামাক চাষ চললেও উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসনিক নজরদারির ঘাটতির সুযোগে কৃষকরা নদীর আরও কাছাকাছি এলাকায় তামাক চাষ সম্প্রসারণ করছে বলে দাবি তাদের। সচেতন মহলের মতে, তামাক চাষ শুধু পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, এটি মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ তামাক চাষ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে কৃষকদের বিকল্প লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।