
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান,চট্টগ্রাম বিভাগ
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, সোনাগাজী সদর ইউনিয়নের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আহমদ করিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠান শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও আদর্শ মানুষ গঠনে কার্যকর ভূমিকা রাখবে—এটাই আমাদের মূল লক্ষ্য।
নতুন বছরের পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল। তিনি বলেন, শিক্ষা হচ্ছে জাতি গঠনের প্রধান হাতিয়ার। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন আরবি প্রভাষক মাওলানা আবুল কাসেম এবং শিক্ষক সমিতির নেতা বেলায়েত হোসেন।
বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, নৈতিক শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান অর্জনই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করা হলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ আগামী দিনগুলোতে এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।