
মোঃ আমজাদ হোসেন ,জেলা প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবৈধ ট্রাক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি ও আজ ২৯ জানুয়ারি—এই দুই দিনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে সড়কে চলাচলকারী অবৈধ ট্রাক ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।