
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ ফুলকুড়ি নগর এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি দোকান, একটি গুদাম এবং স্থানীয়ভাবে পরিচিত শহীদ বোরহান স্মৃতি পাঠাগার পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের প্রাথমিক হিসেবে, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বেশিরভাগ মালামাল পুড়ে যায়।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যাদের একমাত্র আয়ের উৎস ছিল এসব দোকান। আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নিজাম উদ্দিনসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, “গভীর রাতে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি নাশকতা—তা খতিয়ে দেখা জরুরি।” তারা দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে অগ্নিকাণ্ডে এলাকার সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের অন্যতম কেন্দ্র শহীদ বোরহান স্মৃতি পাঠাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঠাগারের বহু মূল্যবান বই, আসবাব ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে যায়। স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
Probaho NewsTv — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।