
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মেজর খন্দকার মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৫৭৮৮ ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি (৬৯ ব্রিগেড কমান্ডার, বান্দরবান রিজিয়ন)। বিশেষ অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নুর মোঃ সিদ্দিক সেলিম (অধিনায়ক, ১৭ ইসিবি), লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম (অধিনায়ক, ১৬ ইবি) এবং লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক (অধিনায়ক, ৩১ বীর)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আলীকদম সেনাজোনের বিভিন্ন পদবীর সেনা কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং আনুমানিক ৮০০ থেকে ১০০০ জন দর্শক।
অনুষ্ঠান শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ প্যারেড দিয়ে। পরে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এরপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলে রেস, বস্তা দৌড়সহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং দলগত কাজের মানসিকতা গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। সুশৃঙ্খল আয়োজন, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।