
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় ইয়াবা ও গাঁজাকে কেন্দ্র করে ভয়াবহ মাদক বিস্তারের অভিযোগ উঠেছে। নয়াপাড়া ইউনিয়নের পুরোনো তিনটি রোহিঙ্গা পরিবারসহ মোট সাতটি পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সংগঠিত ও পরিচালনা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিটির সদস্যরা এ তথ্য উত্থাপন করেন।
সভায় বক্তারা অভিযোগ করেন যে, সীমান্তবর্তী হওয়ায় আলীকদমকে মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রটির মূল নিয়ন্ত্রণে রয়েছে নয়াপাড়া ইউনিয়নের সাতটি পরিবার, যাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও তারা আইনের ফাঁক গলে রেহাই পেয়ে যাচ্ছে।
এদিকে একইদিন বিভিন্ন মেয়াদে পরিচালিত মোবাইল কোর্টে জব্দ ইয়াবা ও গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। উপজেলা মাঠে অনুষ্ঠিত ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আইন–শৃঙ্খলা কমিটির সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান,
“মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা কমিটির তথ্য অনুসারে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রতিনিধিরা দাবি জানান—মাদককারবারিদের শিকড় উপড়ে ফেলতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত অভিযান জরুরি। তারা বলেন,
“মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে আলীকদমবাসী আর নীরব থাকবে না।”
আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা আরও জানান, সীমান্ত সংলগ্ন এলাকায় বিজিবি, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত নজরদারি বাড়ানো হলে মাদক প্রবেশপথ বন্ধ করা সম্ভব হবে।
ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি তুলেছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।