
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি মেঠোপথে ঝুঁকিপূর্ণ যাতায়াতের আরেকটি করুণ চিত্র সামনে এসেছে। পা পিছলে পাহাড়ের খাদে পড়ে এক ম্রো নারী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুমরং ম্রো পাড়া এলাকায়। আহত নারীর নাম থোমনাও মুরং (৩৮)। তিনি মৃত দূক্কা মুরং-এর কন্যা এবং রুমরং ম্রো পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, থোমনাও মুরং নিজ গ্রাম থেকে জানালীপাড়া কালাইয়ারছড়া গ্রাম্য বাজারে চাল কেনার উদ্দেশ্যে পাহাড়ি মেঠোপথ ধরে যাচ্ছিলেন। এ সময় পিচ্ছিল ও দুর্গম পথে হঠাৎ পা পিছলে তিনি পাহাড়ের নিচে একটি অগভীর খাদে পড়ে যান। দুর্ঘটনার সময় একটি ধারালো কাঠের টুকরা তার পেটের বাম পাশ দিয়ে ঢুকে পিঠের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়, ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে শরীর থেকে কাঠের টুকরা বের করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত নারীর অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সহযোগিতার আহ্বান
দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় থোমনাও মুরং-এর চিকিৎসা ব্যয়ের জন্য স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ক্যারাত পুং মোরু এবং স্থানীয় বাসিন্দা শেমপউ মেরুং মানবিক সহায়তার আহ্বান জানান। এ ঘটনায় পাহাড়ি এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ মেঠোপথ উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবার দাবি তুলেছেন স্থানীয়রা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।