
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান ভোটের গাড়িতে নির্বাচনী প্রচারণা ও সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে আলীকদম বাজারস্থ মেসার্স নাছির স্টোরের সামনে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আলীকদম তথ্য অফিসের তত্ত্বাবধানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান নয়ন, সুপারভাইজার, সুপার ক্যারাভান (চট্টগ্রাম বিভাগ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার এসআই মোহাম্মদ আব্দুস সালাম, উপজেলা নির্বাচন অফিসের প্রতিনিধি ও ডাটা এন্ট্রি অপারেটর মোঃ শহিদুল এবং আলীকদম উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু কান্তি রায়।
ভিডিওচিত্র প্রদর্শনীর মাধ্যমে ভোটারদের ভোটাধিকার, ভোট প্রদান পদ্ধতি, পোস্টাল ভোট ও গণভোটসহ নির্বাচনের সার্বিক বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান ভোটের গাড়িতে সংযুক্ত বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত ভিডিওগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানে আলীকদম উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।