
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ৩টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ (৩১ বীর)। সেনাবাহিনীর একটি সি-টাইপ টহল দল এবং আলীকদম থানা পুলিশের এসআই নিশাত বড়ুয়া এতে অংশ নেন। অভিযান চলাকালে উপজেলার ৯৭ ব্রিগেড ক্যান্টিন মোড় এলাকা থেকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন— মেনরাউ মুরং (৩৬), পিতা পারাউ মুরং, সুনোং পাড়া, ৭নং ওয়ার্ড, আলীকদম এবং উম ইয়ং ম্রো (৩৩), পিতা লাইরু ম্রো, হেডম্যান পাড়া, ৩নং ওয়ার্ড, গর্জনিয়া ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উম ইয়ং ম্রো চট্টগ্রাম জেলার অক্সিজেন এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে আলীকদম এলাকায় বিক্রির উদ্দেশ্যে মেনরাউ মুরংয়ের কাছে নিয়ে আসে। বিষয়টি সেনা জোনের নজরে এলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বর্তমানে আটক দুইজন আলীকদম থানা পুলিশের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।