
রিহান সিকদার,স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম হৃদয় সিকদার (২৪)। তিনি মির্জাপুর উপজেলার ৩ নং ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, হৃদয় সিকদার ছিলেন হাসিখুশি ও শান্ত স্বভাবের যুবক। তার সঙ্গে পরিবারের কারও কোনো বিরোধ বা মানসিক চাপের কথা জানা যায়নি। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে দেড়োয়া নামক একটি স্থানে জঙ্গলের ভেতর দড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে পরিবারের দাবি, হৃদয়ের বাসস্থান থেকে ঘটনাস্থলটি অনেক দূরে এবং জঙ্গলের ভেতরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়ায় ঘটনাটি স্বাভাবিক আত্মহত্যা বলে তারা মনে করছেন না। স্থানীয় সচেতন মহল ও পরিবার এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। বর্তমানে নিহত হৃদয় সিকদারের লাশ ময়নাতদন্ত ও পুলিশি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
হৃদয়ের পরিবার ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসন ও সাংবাদিকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।