
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জেএসএস (মূল)-এর এক সদস্য নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর একটি সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টা করে এবং এ সময় তারা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।
এক পর্যায়ে সশস্ত্র সদস্যরা পাশের একটি দূরবর্তী স্কুল ভবনে আশ্রয় নেয়। পরে সেনাবাহিনী এলাকা ঘেরাও করে তল্লাশি শুরু করলে আবারও গুলি বিনিময় হয়। এ সময় জেএসএস (মূল)-এর সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে বান্দরবান জেলা হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানস্থল থেকে ১টি এসএমজি, ২টি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তল পাউচ, একটি রাউটার, ৫টি খালি খোসা এবং ভারতীয় রুপিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।