
বান্দরবান প্রতিনিধি: মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত বান্দরবান রিজিয়নের উদ্যোগে ৬৯ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এই কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের জি-৩ শাখার কর্মকর্তা ক্যাপ্টেন সামিউল ইসলাম। এ সময় বান্দরবান এলাকার মোট ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৮৪ জন নারী ছিলেন।
প্রতিটি পরিবারকে ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম খেজুর, ২ কেজি চিনি এবং ২ কেজি আলু প্রদান করা হয়।এছাড়াও বান্দরবান জেলার ৭টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি ছোলা, ৫ কেজি মুড়ি, ৫ কেজি খেজুর ও ৫ কেজি চিনি প্রদান করা হয়। পাশাপাশি বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে সহায়তা হিসেবে ২০০ কেজি চাল, ১০ কেজি ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ১০ কেজি পেঁয়াজ এবং ১০ কেজি আলু বিতরণ করা হয়।
এদিকে সম্প্রতি বান্দরবান সদর উপজেলার উজানী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝেও সেনাবাহিনীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। সবমিলিয়ে এ কার্যক্রমে প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ইফতার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।