
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে নতুন সংযোজন হিসেবে ‘হোটেল হিলি রেইনবো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বান্দরবান শহরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হোটেলটির উদ্বোধন করা হয়। এ সময় হোটেল কর্তৃপক্ষ, স্থানীয় ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী হোটেলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন জেলা। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা ও বৈচিত্র্যময় সংস্কৃতির টানে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত হোটেল-মোটেলসহ পর্যটন অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন।
তিনি আরও বলেন, পর্যটন শিল্পের বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। নতুন নতুন আবাসিক হোটেল ও পর্যটনসেবা প্রতিষ্ঠান গড়ে উঠলে পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
পার্বত্য মন্ত্রী বলেন, বান্দরবানকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জেলার হোটেল-মোটেল, পর্যটকবাহী যানবাহনসহ পর্যটননির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পর্যটকরা যাতে পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারেন এবং হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় নিরাপদ ও মানসম্মত খাবার গ্রহণ করতে পারেন, সেদিকেও পর্যটনসংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
উদ্যোক্তারা জানান, ‘হোটেল হিলি রেইনবো’ বান্দরবানে আগত পর্যটকদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক আবাসন সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের আবাসন চাহিদা পূরণে হোটেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, বান্দরবানে নতুন হোটেল, রিসোর্ট ও পর্যটনসেবা প্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে জেলার পর্যটন অবকাঠামো আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি এসব উদ্যোগ স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
নতুন এই হোটেল উদ্বোধনের মধ্য দিয়ে বান্দরবানের পর্যটন অবকাঠামোয় আরও একটি প্রতিষ্ঠান যুক্ত হলো।
স্থানীয়দের প্রত্যাশা, পর্যটকদের উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি ‘হোটেল হিলি রেইনবো’ জেলার পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।