
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সেনা রিজিয়নের সম্মানিত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এই প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো ধরনের নাশকতা, গুজব কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সভায় উপস্থিত সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। একই সঙ্গে নির্বাচন ও গণভোট চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।