
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘লেমুয়া ব্রিজ’। নব-নির্মিত এই সেতু এখন কেবল একটি অবকাঠামো নয়, বরং লেমুয়া অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। লেমুয়া বাজার থেকে মমতাজ মিয়ার হাট হয়ে সোনাগাজী, নবাবপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে যাতায়াত দীর্ঘদিন ধরেই ছিল দুরূহ। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশার কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই সেতু নির্মাণের ফলে সেই ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লেমুয়া বাজার থেকে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত এখন আগের চেয়ে অনেক সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী। এরই মধ্যে ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। কৃষিপণ্য পরিবহন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া এবং জরুরি সেবায় সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এলাকাবাসীর আশা, এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের ইউনিয়নগুলোর সঙ্গে লেমুয়া বাজারের সরাসরি সংযোগ তৈরি হওয়ায় গ্রামীণ অর্থনীতি নতুন করে চাঙা হবে বলে মনে করছেন তারা। নব-নির্মিত ‘লেমুয়া ব্রিজ’ আজ লেমুয়া বাসীর স্বপ্ন পূরণের এক উজ্জ্বল নিদর্শন। আগামী দিনে পুরো এলাকার উন্নয়ন ও অগ্রগতির পথ আরও সুগম করবে—এমন প্রত্যাশাই সবার। পরিশেষে, এই ঐতিহাসিক মুহূর্তটি সুন্দরভাবে ক্যামেরাবন্দি করার জন্য সংশ্লিষ্ট আলোকচিত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।