
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
দাগনভূঞা উপজেলার তুলাতুলী এলাকায় গভীর রাতে একটি মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১:৩০ থেকে ২:০০টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তুলাতুলী বাজার ব্র্যাক অফিস সংলগ্ন নিজ গ্রামে অবস্থিত একটি পারিবারিক মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালায়। মন্দিরটি ইসহাক মার্কেট এলাকার ব্যবসায়ী ও মৌসুমি ফ্যাশনের মালিক নারায়ণ ভৌমিকের পরিবারের।
হামলাকারীরা প্রথমে মন্দিরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। আগুনে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা, আসবাবপত্র ও বিভিন্ন ধর্মীয় সামগ্রী পুড়ে যায়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এমন ঘটনা একটি পরিবারের ওপর হামলা নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। সচেতন মহলের মতে, এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।