
মুহাম্মদ ছানাউল্লাহ,এভিয়েশন করেসপন্ডেন্ট
নেপালের কাঠমান্ডুভিত্তিক বেসরকারি বিমান সংস্থা শ্রী এয়ারলাইন্স আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক রুটে প্রাথমিক গন্তব্য হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে বেছে নিয়েছে শ্রী এয়ারলাইন্স। এর মাধ্যমে দীর্ঘদিন পর আন্তর্জাতিক আকাশপথে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
সূত্র জানায়, প্রাথমিকভাবে দক্ষিণ এশিয়ার স্বল্প দূরত্বের রুটগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন গ্রহণ, ফ্লিট প্রস্তুতি এবং অপারেশনাল সক্ষমতা যাচাইয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে। বিশ্লেষকদের মতে, ঢাকা–কাঠমান্ডু রুটে শ্রী এয়ারলাইন্সের ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি নতুন একটি এয়ারলাইন্স যুক্ত হওয়ায় প্রতিযোগিতা বাড়বে, যা যাত্রীদের জন্য ভাড়া ও সেবার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কবে নাগাদ ফ্লাইট চালু হবে, ফ্লাইটের ফ্রিকোয়েন্সি কিংবা কোন ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হবে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি শ্রী এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।