
মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর সোনাগাজীতে এক অবুঝ শিশুর হাতে পাইপগান দেখে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটি খেলনার বদলে হাতে নিয়েছে আসল অস্ত্র—এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন তৈরি হয়। ঘটনাটি ঘটেছে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের হোসেন মাঝি বাড়ির সুজনের সন্তানকে পাইপগান হাতে দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শিশুটির সৌদি প্রবাসী মামা আসাদুর জামান নূর। তিনি তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করে লেখেন, “এটা আমার বড় ভাগিনা, ওর হাতে থাকার কথা ছিল খেলনার পিস্তল, অথচ এখন ওর হাতে অরিজিনাল পিস্তল!” ছবিটি পোস্ট হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। কিছু সময় পর ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়, তবে তার আগেই অনেকে ছবিটি সংরক্ষণ করে রাখেন। প্রতিবেদকের সঙ্গে কথা হলে শিশুটির পিতা সুজন বলেন, “এটি আমার সন্তান। সে তার নানার বাড়িতে ছিল। কে বা কারা তার হাতে বন্দুক তুলে দিয়ে ছবি তুলেছে, আমি জানতাম না। আমার শ্যালক এটি ফেসবুকে পোস্ট করেছে। বিষয়টি জানার পর আমি খুব দুঃখিত হয়েছি।” তিনি আরও বলেন, “আমার সন্তানের হাতে আসল বন্দুক তুলে দিয়ে তার স্বাভাবিক জীবন হুমকির মুখে ফেলা হয়েছে।” এলাকার অনেকেই রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাইপগানটি আসলে সুজনেরই এবং একাধিকবার তার হাতেই দেখা গেছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে তার শ্যালক প্রতিশোধ নিতে ছবিটি ফাঁস করেছে বলে তাদের ধারণা। এ বিষয়ে শিশুটির মামা আসাদুর জামান নূরের কাছে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া দেননি। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, “ঘটনাটি পুলিশের নজরে আসেনি। অনুসন্ধান করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপসংহার : শিশুর হাতে প্রাণঘাতী অস্ত্র তুলে দেওয়া শুধু আইনি অপরাধই নয়, এটি সামাজিক ও মানসিক বিকাশের জন্যও ভয়াবহ হুমকি। অভিভাবকদের সচেতনতা ও প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি—অন্যথায় এমন ঘটনা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।