
মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান (চট্টগ্রাম বিভাগ)
ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী–৩ (সোনাগাজী–দাগনভুঞা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সোনাগাজী ছাবের মডেল সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান।
চিকিৎসা সেবা উদ্বোধন ও উপস্থিত অতিথিবৃন্দ: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মহসিন পাটোয়ারী, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন মামুন, এছাড়া উপস্থিত ছিলেন ছাবের হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন ও চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান প্রমুখ।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা : দিনব্যাপী এই ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবা বঞ্চিত সোনাগাজীর অসুস্থ জনগণের মাঝে এই আয়োজন নিয়ে ব্যাপক সাড়া পড়ে। ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “মানুষের জন্য কাজ করাই আমার দায়িত্ব ও অঙ্গীকার। চিকিৎসা বঞ্চিত জনগণের পাশে থাকতে সবসময় চেষ্টা করি।”