
স্টাফ রিপোর্টার,মোঃ আলমগীর কবির, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দিনাজপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁওয়ের একজন পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাবন্দি ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন মহল তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।