
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান জেলা প্রতিনিধি
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটি বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভকামনা জানায়। শুভেচ্ছা বার্তায় সিএইচটি সম্প্রীতি জোট জানায়, শুভ বড়দিন সমাগত। বড়দিন খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই পবিত্র দিনটি উপলক্ষে সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাদের প্রত্যেকের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।
বার্তায় আরও বলা হয়, ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী মহান যিশুখ্রিস্ট এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। সিএইচটি সম্প্রীতি জোট মনে করে, সব ধর্মের মূল শিক্ষা হলো মানুষের সেবা ও কল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে। শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, বিশ্বের একটি বড় জনগোষ্ঠী যিশুখ্রিস্টের ধর্ম ও দর্শনের অনুসারী। যুগে যুগে মহামানবগণ নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা দিয়েছেন। মহান যিশুখ্রিস্টও তার অনুসারীদের নিরলসভাবে মানবপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। বড়দিন একটি সর্বজনীন ও শান্তির বার্তাবাহী ধর্মীয় উৎসব।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।