
বগুড়ায় র্যাবের পৃথক অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ২।
সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় (র্যাব)-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) পরিচালিত পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের তথ্য পায় র্যাব। পরে বিকেল প্রায় ২টা ৪৫ মিনিটে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে অভিযান চালিয়ে আমিনা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
আটক আমিনা খাতুনের গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলায় হলেও বর্তমানে তিনি রাজধানীর তুরাগ এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে র্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন সন্ধ্যা প্রায় ৫টা ৪৫ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে নির্মল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।