1. thpshopbd@gmail.com : admin :
ফেনীর রাজনীতিতে নতুন বার্তা, বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহার - probahonewstv
April 27, 2026, 7:40 am

ফেনীর রাজনীতিতে নতুন বার্তা, বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহার

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Thursday, January 8, 2026
  • 112 Time View
ফেনী জেলা বিএনপির রাজনীতিতে নতুন বার্তা। দীর্ঘ তিন বছর পর বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলে ফেরানো হলো প্রবীণ সংগঠক মনোয়ার হোসেন দুলালকে।

দীর্ঘ তিন বছর পর দলীয় স্বীকৃতি ফিরে পেলেন ত্যাগী নেতা, সাংগঠনিক ঐক্য জোরদারের প্রত্যাশা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী জেলা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দলের যুগ্ম সম্পাদক ও প্রবীণ সংগঠক মনোয়ার হোসেন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ প্রায় তিন বছর পর কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়ায় ফেনী বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক স্বার্থ, রাজনৈতিক বাস্তবতা ও দলীয় শৃঙ্খলা পর্যালোচনার ভিত্তিতে মনোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে পূর্বে জারি করা বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

২০২২ সালের ১৭ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মনোয়ার হোসেন দুলালকে বহিস্কার করা হয়েছিল। ওই সময় তার বহিস্কার ফেনীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ সময় পর বহিস্কারাদেশ প্রত্যাহারকে ফেনী বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চার দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় মনোয়ার হোসেন দুলাল একজন পরীক্ষিত ও ত্যাগী সংগঠক হিসেবে পরিচিত। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮০ সালে ফেনী সদর উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি জেলা যুবদলের আহ্বায়ক, পুনর্গঠিত যুবদল কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার ভূমিকা ফেনী বিএনপির ইতিহাসে উল্লেখযোগ্য বলে মনে করেন দলীয় নেতারা।

পারিবারিকভাবেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার স্ত্রী জুলেখা আক্তার ডেইজী ফেনী জেলা মহিলা দলের সভাপতি এবং ফেনী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ফেনীতে মহিলা দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। একই বিজ্ঞপ্তিতে বিএনপি আরও জানায়, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন পাটোয়ারী এবং ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আলীর বহিস্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা জানান, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহারের খবরে ফেনী জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, দুলাল একজন অভিজ্ঞ সংগঠক, তাকে দলে ফেরানোয় তৃণমূলের নেতাকর্মীরা আরও অনুপ্রাণিত হবেন এবং সংগঠন গতিশীল হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি অভিজ্ঞ নেতাদের পুনরায় সক্রিয় করে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান গড়ে তোলার কৌশলে এগোচ্ছে। মনোয়ার হোসেন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহার সেই কৌশলেরই প্রতিফলন, যা ফেনী বিএনপিকে আরও ঐক্যবদ্ধ করতে সহায়ক হবে।

See also  ফেনী সড়কে চাঁদাবাজি

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category