
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী “কর্মী তা’লিমী মজলিস” অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চেতনা জাগ্রতকরণ এবং কর্মীদের দ্বীনি ও নৈতিক মানোন্নয়নের উদ্দেশ্যে এই তা’লিমী মজলিসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখার মজলিসে আমেলা সদস্য ইকবাল হোসাইন। তার সুচারু পরিচালনায় তা’লিমী মজলিসটি অত্যন্ত সুশৃঙ্খল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।
তা’লিমী মজলিসে দারসুল কুরআনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা নাজমুল আলম। তিনি কুরআনের আলোকে একজন আদর্শ কর্মীর দায়িত্ব, চরিত্র গঠন, আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদ। তিনি বলেন, “একজন সচেতন, আদর্শবান ও ত্যাগী কর্মী ছাড়া কোনো ইসলামী আন্দোলন সফল হতে পারে না। কর্মীদের নিয়মিত তা’লিম, তারবিয়্যাত ও আদর্শিক প্রশিক্ষণই সংগঠনের শক্ত ভিত্তি গড়ে তোলে।” তিনি যুব সমাজকে দ্বীনের পথে সংগঠিত হয়ে সমাজ ও রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
দিনব্যাপী এই কর্মসূচিতে কর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক শৃঙ্খলা, দায়বদ্ধতা, দাওয়াতি দায়িত্ব, সময়ানুবর্তিতা ও আত্মোন্নয়নের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কর্মীরা এই তা’লিমী মজলিস থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রেরণা লাভ করেছেন বলে মন্তব্য করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় আল্লাহ পাকের দরবারে এই আয়োজনসহ সকল প্রচেষ্টা তার দ্বীনের জন্য কবুল করার এবং সন্তুষ্টি অর্জনের তাওফিক দানের জন্য প্রার্থনা করা হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।