
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
আলীকদম উপজেলার পোয়ামুহুরী এলাকায় উদ্ধার হওয়া একটি বিপজ্জনক মাইন সফলভাবে নিষ্ক্রিয় করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত বোম ডিসপোজাল দল। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অভিযান পরিচালনা করে মাইনটি ধ্বংস করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি এলাকায় একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি দ্রুত প্রশাসনকে জানানো হলে সেটি মাইন হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে যৌথভাবে ধ্বংস অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। আজকের অভিযানে মেজর মোঃ সাফাত জামিলের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষায়িত সেনা বোম ডিসপোজাল দল অংশগ্রহণ করে। তাদের সঙ্গে পোয়ামুহুরী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জেসিও-সহ নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমানসহ ৯ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে মাইনটি ধ্বংস করা হয়েছে এবং এ সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনী ও বিজিবির দ্রুত ও সমন্বিত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সীমান্তবর্তী এলাকায় যেকোনো সন্দেহজনক বস্তু দেখতে পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।