
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য আয়োজন করেছে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত স্থানীয় নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। গত ২৬ জানুয়ারি ২০২৬ (সোমবার) আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সেক্টরের তুম্বা এলাকায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটালিয়নের মেডিকেল অফিসার, ক্যাপ্টেন দিয়া উদ্দিন আহমেদ, এমবিবিএস।
মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৮০ জন অসহায় ও দুস্থ নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নের জন্য আলীকদম ব্যাটালিয়ন নিয়মিতভাবে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবা পাওয়া কঠিন হওয়ায় বিজিবির এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি বিজিবির সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতেও সীমান্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।