
মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গুলিবর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার বড়িকান্দী ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধরা হলেন— মনেক মিয়ার ছেলে শিপন মিয়া (২৮), একই গ্রামের রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।
তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, নুরজাহানপুর গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই এদিন বিকেলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং পরবর্তীতে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া বলেন,
“দু’পক্ষের মধ্যে সকালে কথা কাটাকাটি হয়েছিল। বিকেলে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। দেখি তিনজন মাটিতে লুটিয়ে পড়েছে, তারপর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান,
“গুলিবর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধান চলছে এবং দোষীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার পর থেকে নুরজাহানপুর গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।