1. thpshopbd@gmail.com : admin :
চোরাই নির্বাচন নয় - probahonewstv
April 29, 2026, 11:07 am

চোরাই নির্বাচন নয়

এমডি শাহিনুর ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 63 Time View
চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

কটিয়াদীতে নির্বাচনি জনসভায় জামায়াত আমিরের কড়া বার্তা

এমডি শাহিনুর ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ছলে বলে কৌশলে জেতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। “আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব”—এই দিনের অবসান হয়েছে।’ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের জেগে ওঠা যুবসমাজ এখন আর ঘুমিয়ে নেই। তারা নিজেদের ভোটের পাশাপাশি সবার ভোট পাহারা দেবে। কোনো দুর্বৃত্ত কারও ভোটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। তিনি প্রশাসনের প্রতি স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, ‘আমার অধিকার মানে শুধু একটি দল বা গোষ্ঠীর অধিকার নয়—এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ১৮ কোটি মানুষের অধিকার।’ দলীয় ও পরিবারতান্ত্রিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয় বিজয় নয়, জনগণের বিজয় চায়।

কিশোরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে জামায়াত আমির বলেন, এ জেলার মানুষ ধর্মপ্রাণ হলেও সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। বাংলাদেশকে সব ধর্মের মানুষের জন্য ‘ফুলের বাগান’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, বিপুলসংখ্যক শিক্ষিত যুবক চাকরিবিহীন। তারা বেকার ভাতা নয়, ন্যায়বিচার ও মেধার সুবিচার চেয়ে রাজপথে নেমেছিল। মামু-খালুমুক্ত নিয়োগব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

হাওরাঞ্চল নিয়ে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের এক-তৃতীয়াংশ এলাকা হাওর, যা খাদ্য ও প্রোটিনের বড় যোগানদাতা। নদী ও হাওরের প্রাণ ফিরিয়ে এনে নদীকেন্দ্রিক উন্নয়ন সংস্কার শুরু করা হবে। নারীদের নিরাপত্তা ও সম্মান প্রসঙ্গে তিনি বলেন, ‘যে জাতি মাকে সম্মান করে, আল্লাহ তায়ালা তাদের সম্মান বৃদ্ধি করে দেন।’ সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে অশালীন বার্তা প্রচারের ঘটনারও তীব্র প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, ‘সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানাব। কিন্তু চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না—ইনশাআল্লাহ।’ নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী। বক্তব্য শেষে কিশোরগঞ্জ-২, ৩, ৪ ও ৫ আসনের জামায়াত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক এবং কিশোরগঞ্জ-৬ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর হাতে রিকশা প্রতীক তুলে দেন জামায়াত আমির।

See also  ফুলগাজীর জামুড়া গ্রামে 1971 সালের গণহত্যাস্থল পরিদর্শনে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category