
আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
সোনাগাজী উপজেলা তে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ-র ছোট ভাই মৎস্য খামারি ব্যবসায়ী হাজী সিরাজুল হক-এর বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন এর সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, গভীর রাতে ৩০–৩৫ জনের একটি সশস্ত্র দল বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে হাজী সিরাজুল হকের আড়াই মাস বয়সী শিশু কন্যাকে জিম্মি করে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে আনুমানিক ১৩–১৪ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৮ লাখ টাকা নগদ অর্থ লুট করে নেয়। লুটপাট শেষে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বসতঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মফিজুর রহমান, সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার, অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে মো. কামরুল ইসলাম, সোনাগাজী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের দাবি, এর আগে গত ৭ ফেব্রুয়ারি মুহুরী প্রজেক্ট এলাকায় হাজী সিরাজুল হকের স্ত্রী ও ছেলে মো. বিপ্লব খামারের মালামাল আনতে গেলে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় বিপ্লবকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে মোটরসাইকেল ফেরত দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বাড়িতে অগ্নিসংযোগের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় বুধবার দুপুরে সোনাগাজী পৌর শহরের রাজমহল রেস্টুরেন্ট-এ সংবাদ সম্মেলন করেন হাজী সিরাজুল হকের ছেলে ও ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী মো. বিপ্লব। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার মা আনোয়ারা বেগম, বোন শারমিন আক্তার ও আইরিন আক্তার। পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ারা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।