
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীতে এক ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে MC BOYS CLUB, FENI এবং চাড়িপুর ব্লাড ডোনেটিং সোসাইটি, ফেনী। যৌথ উদ্যোগে আয়োজিত এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সেবা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আগত রোগী ও তাঁদের স্বজনরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রথমবারের মতো তারা বিনামূল্যে চিকিৎসা সেবার এমন একটি আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও বড় পরিসরে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান। এছাড়া এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিকভাবে ও সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আয়োজক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।স্থানীয় সচেতন মহলের মতে, মহান বিজয় দিবসের তাৎপর্যকে মানবসেবার মাধ্যমে বাস্তব রূপ দেওয়া এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।