
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত মামলার ঘটনায় জব্দকৃত দুইটি গাভী গরু বিজ্ঞ আদালতের নির্দেশনায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম থানা প্রাঙ্গণে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলাম কমিটির তত্ত্বাবধানে ও উপস্থিতিতে পুরো কার্যক্রম পরিচালিত হয়। নিলাম কমিটিতে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তানভীর হাসান, আলীকদম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আমজাদ হোসেন এবং আলীকদম থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা নিশাত বড়ুয়া।
আলীকদম থানার মামলা নং–২(১১)২৫ অনুযায়ী ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(ডি) ধারায় জব্দকৃত দুইটি গাভী গরু আদালতের অনুমোদনক্রমে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। নিলামে মোট ৭ জন দরদাতা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে টি অ্যান্ড টি কলোনী এলাকার বিশিষ্ট গরু ব্যবসায়ী হামিদ হোসেন সর্বোচ্চ দরদাতা হিসেবে গরু দুইটি নিলামপ্রাপ্ত হন।
নিলামের বিস্তারিত অনুযায়ী—
দুইটি গাভীর নিলাম মূল্য নির্ধারিত হয় ৬২ হাজার ৫০০ টাকা। এর বিপরীতে ৯ হাজার ২৭৫ টাকা ভ্যাটসহ সর্বমোট ৭১ হাজার ৮৭৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিলাম কার্যক্রমে নিলাম সংশ্লিষ্ট কর্মকর্তা, দরদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিসহ মোট প্রায় ১৫ জন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গরু দুইটি গত ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিজিবির একটি টহল দল কর্তৃক আলীকদম উপজেলার বুচির মোড় নদীর পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে আলীকদম থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং সর্বশেষ আদালতের নির্দেশনা অনুযায়ী নিলামের মাধ্যমে গরু দুটি বিক্রি করা হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।