
শামিম,পটুয়াখালী প্রতিনিধি
বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শাহাজাদা মিয়ার পুত্র ও বাউফল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার বিকেল তিনটায় বাউফল জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে জামায়াতের সঙ্গে আজীবন কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাহেদ মাহমুদ বলেন, তিনি একজন মুসলমান ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জনগণের জন্য কাজ করার দায়বদ্ধতা অনুভব করেন। তিনি বলেন, যে দল বা সংগঠনই করা হোক না কেন, সেখানে ভালোবাসা, সহমর্মিতা ও সম্মান প্রত্যাশা করাটা অন্যায় হতে পারে না। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ছোটবেলা থেকেই তার বাবা তাকে রাজপথে নামিয়ে রাজনীতির পাঠ দিয়েছেন। বাবার সততা ও আদর্শ তিনি খুব কাছ থেকে দেখেছেন। তবুও বারবার অপমান, গ্লানি ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “ভাইয়ের হাতে ভাইয়ের অপমান সহ্য করে রাজনীতি করা সম্ভব নয়। আমি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি, কিন্তু আজ সেই আদর্শ যেন কোমায় চলে গেছে।” ড. শফিকুল ইসলাম মাসুদের প্রসঙ্গে তিনি বলেন, বাউফলের সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের ধৈর্য, মানবিকতা ও পারিবারিক খোঁজখবর তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বাবা-মা অসুস্থ থাকাকালে তার খোঁজ নেওয়ার বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
জাহেদ মাহমুদ বলেন, “আজ থেকে আল্লাহকে সাক্ষী রেখে ড. শফিকুল ইসলাম মাসুদকে আমার রাজনৈতিক অভিভাবক হিসেবে কবুল করলাম। তার প্রতিটি ভালো কাজে জান ও মাল দিয়ে পাশে থাকবো। কোনো ভুল হলে ভাইয়ের মতো সংশোধনের সুযোগ দেবেন।” অনুষ্ঠানে বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আধুনিক, স্মার্ট ও মডেল বাউফল গড়তে জাহেদ মাহমুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হবে। তিনি বলেন, ইসলামের বিজয়ের লক্ষ্যে জাহেদ মাহমুদ জামায়াতে যোগ দিয়েছেন—আল্লাহ তায়ালা তা কবুল করুন। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, উপজেলা শিবির সভাপতি লিমন হোসাইন, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতা হেলাল উদ্দিন মুন্সীসহ জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।