
মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে হামলার ঘটনার পর কঠোর অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, “আজকে নবীনগর পশ্চিম ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে যে হামলার ঘটনা ঘটেছে, তার পরপরই আমি পুলিশ প্রশাসনকে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এবার বালু সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।” এমপি আরও বলেন, অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি চক্র দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসছে বলেও অভিযোগ ওঠে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন সহ্য করা হবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে—দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। কারও পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না।” স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ইউনিয়নের একটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে রাস্তা-ঘাট ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই চক্রকে দমন করার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন এলাকাবাসীর নজর।
Probaho NewsTV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।