
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হলেই সম্ভব হবে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু বকর সিদ্দিক বলেন,
➡ “এই ৩১ দফা শুধু একটি কর্মপরিকল্পনা নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জনবান্ধব রাষ্ট্র গড়ার সঠিক দিকনির্দেশনা।” তিনি অভিযোগ করে বলেন, দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য একটি কুচক্রী মহল পরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে। তথাকথিত পিআর পদ্ধতির অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু জনগণ তা প্রতিহত করবে। “ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের সংকট কাটিয়ে ওঠাই একমাত্র পাথেয়” উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়; বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। সভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। তিনি ধানের শীষের কান্ডারী হিসেবে জনগণের সমর্থন প্রত্যাশা করেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম। সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির নেতা নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, যুবদলনেতা আরমান আলী, শামসুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।