
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত ও প্রশিক্ষিত করার লক্ষ্যে এবি পার্টির উদ্যোগে কাজিরবাগ ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, গণভোটভিত্তিক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। এই লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সচেতন ও সাংগঠনিকভাবে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত মতবিনিময়, প্রশিক্ষণ ও জনসংযোগ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা অর্থ সম্পাদক শাহিন সুলতানি। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক নেতাকর্মীকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে তৃণমূলই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সম্পাদক সিদ্দিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমেই দলের ভাবমূর্তি গড়ে ওঠে।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসাইন, সদর উপজেলা সদস্য সচিব আবু সাইদ খান, পৌর সদস্য সচিব রেজওয়ানুল খায়ের যুদ্ধ, সদস্য সচিব হাফেজ কামরুল হাছান, সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, যুব আহবায়ক শফিউল্লাহ পারভেজ, সদর যুগ্ম আহবায়ক কাজি শরিফ উদ্দিন দিপ্ত, কাজিরবাগ ইউনিয়ন আহবায়ক ইলিয়াস, সদস্য সচিব আমানুল্লাহ সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এবি পার্টির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন আদায়ের আহ্বান জানান তারা। সভা শেষে সংগঠনকে আরও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।