
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন আলীকদম সেনা জোনের মাননীয় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। বুধবার ২৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার মান নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব আবু হানিফ, আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পরিদর্শনের অংশ হিসেবে জোন কমান্ডার হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ফুড বাস্কেট তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।
জোন কমান্ডার বলেন, “আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে হবে। প্রয়োজনে দুর্গম পাড়ার নারীদের প্রশিক্ষণ দিয়ে গ্রামেই প্রাথমিক চিকিৎসা এবং গর্ভবতী নারীদের ডেলিভারি সহায়তা নিশ্চিত করতে হবে। সেনাবাহিনী সর্বস্তরের মানুষের পাশে আছে এবং কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজে সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।