
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ–৩ (সদর–সাটুরিয়া) আসনে নির্বাচনী মাঠে ক্রমেই পাল্টে যাচ্ছে চিত্র। বিএনপির মনোনীত প্রার্থী, জনপ্রিয় ও পরীক্ষিত নেতা আফরোজা খানম রিতা’র নিরলস পরিশ্রম, তৃণমূলমুখী রাজনীতি ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড ভোটারদের মধ্যে নতুন করে আশা সৃষ্টি করেছে। গত কয়েক সপ্তাহ ধরে রিতা সকাল থেকে গভীর রাত পর্যন্ত সদর ও সাটুরিয়া উপজেলার গ্রাম-গ্রামান্তরে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যার কথা শোনা ও সমাধানের আশ্বাস দেওয়ায় ভোটারদের আস্থা দিন দিন দৃঢ় হচ্ছে। স্থানীয়রা বলছেন, রিতা দূরত্বের রাজনীতি করেন না। তিনি জনগণের কাতারে দাঁড়িয়ে কথা বলেন, যা একজন জনপ্রতিনিধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী ভোটার, তরুণ সমাজ ও প্রথমবারের ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এই নেত্রী মাঠে সক্রিয় থাকায় বিএনপির নেতাকর্মীরাও নতুন উদ্দীপনায় কাজ করছেন। এর ফলে ভোটের মাঠে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া বাড়ছে এবং প্রতিদিনই নতুন ভোটার যুক্ত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আফরোজা খানম রিতা’র জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা মানিকগঞ্জ–৩ আসনে নির্বাচনের সমীকরণ বদলে দিচ্ছে। ভোটের দিন যত এগোচ্ছে, ততই তাঁর অবস্থান শক্তিশালী হচ্ছে। সার্বিকভাবে বলা যায়, কঠোর পরিশ্রম, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং জনবান্ধব রাজনীতির কারণে মানিকগঞ্জ–৩ আসনে আফরোজা খানম রিতা ভোটারদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।