
“পরশুরামে আন্তর্জাতিক শান্তি দিবসে বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা”
মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম )
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে পরশুরামে উৎসবমুখর শান্তির পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে পরশুরাম প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন—সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব। পদযাত্রার উদ্বোধন করেন পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা কো-অর্ডিনেটর এমএ হাসান এর সঞ্চালনায় পদযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন—
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম,পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, পৌর জামায়াতের আমীর মো. মোস্তফা, পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার, মা মাতঙ্গি দেবী মন্দির কমিটির আহ্বায়ক দীপ্তি লাল চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক স্বপন কান্তি সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহির উদ্দিন মজুমদার টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পৌর সভাপতি মাওলানা জসিম উদ্দিন মজুমদার,
এছাড়াও ছাত্র, যুব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ। বক্তারা বলেন, পরশুরাম শান্তির জনপদ। সবাই ঐক্যবদ্ধ থাকলে শান্তি কখনো বিঘ্নিত হবে না। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভিন্নমতকে শ্রদ্ধা করার আহ্বান জানান তারা।